Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

চীনা ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ, এ বছরেই চুক্তির সম্ভাবনা

 

অন্তর্বর্তী সরকার চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। গত মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফরের পর এই প্রকল্প এগিয়ে নিতে কাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নে চীনের কাছে ৬,৭০০ কোটি টাকার ঋণ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সরকারের নীতিনির্ধারকরা জানিয়েছেন, এ বছরের মধ্যেই বাংলাদেশ ও চীনের মধ্যে আর্থিক চুক্তি সই হতে পারে।

প্রকল্পটির পুরো নাম ‘কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট’। এটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত। চীন ও ভারত—দুই দেশই এই প্রকল্পে বিভিন্ন সময়ে আগ্রহ প্রকাশ করেছে। ২০২৪ সালের মে মাসে ভারতের তৎকালীন পররাষ্ট্রসচিব বিনয় কোয়েত্রা বাংলাদেশ সফরে এসে প্রকল্পটিতে ভারতের বিনিয়োগের আগ্রহ জানান। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারও ভারতের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের পক্ষে ছিল।

২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, “চীন তো রেডি, কিন্তু আমি চাচ্ছি যে এটা ইন্ডিয়া করে দিক। এই প্রজেক্টটা করলে এর জন্য যা দরকার, ইন্ডিয়া দিতেই থাকবে।” তবে ২২ দিন পর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে চীনা ঋণে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

পানিসম্পদ মন্ত্রণালয় গত ২৬ মে পরিকল্পনা কমিশনে চিঠি পাঠিয়ে চীনের ঋণে প্রকল্প বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) চীনা দূতাবাসে চিঠি পাঠায়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ গত ৫ জুলাই বলেন, “চীনের ঋণে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সরকার আগ্রহী। চীনও বিনিয়োগে আগ্রহী।” তিনি জানান, প্রকল্পের নকশা চূড়ান্ত করা এখন মূল কাজ। এটি সম্পন্ন হলে প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও আর্থিক চুক্তির প্রক্রিয়া একসঙ্গে এগোবে।

প্রকল্পের নথি অনুযায়ী, প্রথম পর্যায়ে ব্যয় হবে ৯,১৫০ কোটি টাকা, যার মধ্যে চীনের কাছ থেকে ৬,৭০০ কোটি টাকার ঋণ চাওয়া হয়েছে। বাকি অর্থ সরকারি কোষাগার থেকে দেওয়া হবে। কাজ শুরু হবে ২০২৬ সালে এবং ২০২৯ সালের মধ্যে শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংস্থা পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না (পাওয়ার চায়না) ইতিমধ্যে প্রকল্পের সমীক্ষা সম্পন্ন করেছে।

পরিকল্পনা কমিশন গত ১ জুলাই ইআরডিকে চিঠি পাঠিয়ে বলেছে, প্রকল্পের ব্যয় যৌক্তিকভাবে নির্ধারিত হলে পরিকল্পনা উপদেষ্টা এটি অনুমোদন করেছেন। ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী জানান, চীনের কাছে ঋণ চেয়ে চিঠি পাঠানো হয়েছে এবং প্রকল্প প্রণয়নের কাজ চলছে।

তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। ভারতের পানি প্রত্যাহার ও নদীভাঙনের কারণে বাংলাদেশে তিস্তার তীরবর্তী মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে। পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “তিস্তার পানির প্রবাহ নিশ্চিত করতে এবং ভাঙন ও বন্যা থেকে মানুষকে রক্ষায় চীনের সহায়তায় আমরা কাজ করছি।”

প্রকল্পের বিবরণ
প্রকল্পের আওতায় নদীর ১০২ কিলোমিটারে খনন করা হবে, যাতে গভীরতা ১০ মিটার বাড়বে। ২০৩ কিলোমিটার বাঁধ নির্মাণ, ১৭১ বর্গকিলোমিটারে ভূমি উদ্ধার, চর খনন, কৃষিজমি পুনরুদ্ধার, স্যাটেলাইট শহর, মেরিন ড্রাইভ, হোটেল, রেস্তোরাঁ ও পর্যটন নগরী গড়ার পরিকল্পনা রয়েছে।