পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আসমা আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জুনিয়া গ্রামে নিজ বসতঘরে মাগরিবের নামাজ শেষে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আসমা আক্তার উপজেলার জুনিয়া গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
তেলিখালী পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর মো. এনামূল হক জানান, ঘটনার সময় আসমা আক্তার ঘরের ভেতর একা ছিলেন এবং নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে জায়নামাজের ওপর বসে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নিহতের চাচাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, “মাগরিবের নামাজের পর তার ছেলের স্ত্রী ওজু করে ঘরে ঢুকে দেখে, আসমা আক্তার রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন।” রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ভাণ্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, “হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি। বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”