নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুটি পৃথক স্থান থেকে একজন নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকালে এই দুটি লাশ উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, সকাল ৯টার দিকে পাইনাদী সিআই খোলা এলাকার ডিএনডি লেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। ধারণা করা হচ্ছে, ওই যুবককে হত্যা করে লাশ লেকে ফেলে দেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
একই দিন সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আবাসিক কলোনির একটি বাসা থেকে সাবিনা আক্তার লাকি (৩২) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় রুবেল মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, এই কলোনিতে সওজের অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী অবৈধভাবে বসবাস করছেন এবং কেউ কেউ তাদের ঘর বাইরের লোকজনের কাছে ভাড়া দিয়েছেন।
পুলিশ জানায়, সাবিনা আক্তার লাকি তার স্বামী রুবেল মিয়ার সঙ্গে থাকলেও দীর্ঘদিন ধরে প্রতিবেশী নিরব নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। তিনি প্রায়ই নিরবের বাসায় যাতায়াত করতেন। মঙ্গলবার রাতেও তিনি নিরবের বাসায় গিয়েছিলেন। বুধবার সকালে তার গলাকাটা লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে নিরব পলাতক রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘আমরা নিরবের বাসা থেকে লাকির লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।’
ওসি শাহীনুর আলম জানান, নিহতের সন্তানরা ছোট হওয়ায় ঘটনার বিস্তারিত বলতে পারছে না। স্বামী রুবেল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি থানায় আসছেন।