প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য জোরালো প্রস্তুতি চলছে। তিনি জানিয়েছেন, কোনো ভোটকেন্দ্র দখল করা হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে। শনিবার (২৩ আগস্ট) রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সকাল ১০টায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন হবে কি হবে না, এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। তিনি চিঠি দেওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এর আগে এ ধরনের কাজে জড়িত ছিলেন, তাদের পদায়নের কোনো চিন্তা নেই। যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন ভঙ্গ হবে। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান।”
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, “সংবিধানে এ ধরনের নির্বাচন ব্যবস্থার কোনো বিধান নেই। এর বাইরে আমরা যেতে পারি না। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক-বিতর্ক চলছে, তবে আমি এর মধ্যে ঢুকতে চাই না।”
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, “বিচার চলাকালীন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেখা যাক বিচারে কী ফলাফল আসে।”