Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

অস্ত্র দেখালেই গুলি: সিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যদের উদ্দেশে আত্মরক্ষার্থে গুলি চালানোর কঠোর নির্দেশনা দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে ওয়্যারলেস বার্তার মাধ্যমে তিনি এই নির্দেশ দেন, যা পরদিন (১৩ আগস্ট) রাতে একাধিক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এই নির্দেশনার পেছনে রয়েছে সোমবার (১১ আগস্ট) রাতে নগরীর ঈশান মিস্ত্রি হাট এলাকায় ঘটে যাওয়া একটি হামলার ঘটনা। সেদিন আওয়ামী লীগের মিছিলে ধাওয়া দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ রানা। ধারালো অস্ত্রের আঘাতে তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওয়্যারলেস বার্তায় কী বললেন কমিশনার?

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, “শুধু রাবার বুলেট দিয়ে এখন আর কাজ হচ্ছে না। বন্দরে আমার এক এসআই গুরুতর আহত হয়েছেন। আরও এক ইঞ্চি এদিক-সেদিক হলে বড় দুর্ঘটনা হয়ে যেত। যে পরিস্থিতির মুখোমুখি তিনি হয়েছেন, সেই পরিস্থিতিতে কেউ পড়লে নিশ্চিত গুলির অনুমতি থাকবে।”

তিনি আরও বলেন, “সোজা কথা, পুলিশের কোনো টহল পার্টির সামনে কেউ অস্ত্র বের করলে সঙ্গে সঙ্গে গুলি করা হবে। সেটা আগ্নেয়াস্ত্র হোক বা ধারালো অস্ত্র—কোনো ধরনের ছাড় নেই। অস্ত্র বের করা মানেই তাৎক্ষণিক গুলি। হতে পারে মাথায়, বুকে বা পিঠে—যেখানে লক্ষ্য করেই হোক, গুলি করা হবে। সরকারী গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।”

পুরনো অস্ত্র ও গুলি ব্যবহারের নির্দেশনাও দিয়েছেন তিনি

কমিশনার হাসিব আজিজ জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে যেসব অস্ত্র ও গুলির প্রাধিকার ছিল, সেই অনুযায়ী সব মোবাইল, পেট্রোল ও ডিবি টিমকে আগ্নেয়াস্ত্রসহ ডিউটিতে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ইউনিট আগ্নেয়াস্ত্র ছাড়া ডিউটিতে যাবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন তিনি।

আইনগত ভিত্তি উল্লেখ করে আত্মরক্ষার নির্দেশ

কমিশনার বলেন, “দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা অনুযায়ী, আত্মরক্ষার অধিকার প্রত্যেক পুলিশ অফিসারের রয়েছে। আক্রমণ হওয়ার আগেই যদি কেউ অস্ত্র প্রদর্শন করে, তাহলে তা আত্মরক্ষার হুমকি হিসেবে বিবেচিত হবে এবং তখনই গুলি চালানো যাবে।”

অস্ত্র হাতে থেকেও ব্যবহার না করায় প্রশ্ন

পুলিশ সূত্র জানিয়েছে, হামলার সময় এসআই রানার সঙ্গে থাকা দুই কনস্টেবল শটগান বহন করলেও তা ব্যবহার করেননি। পুলিশ কর্মকর্তাদের মতে, গুলি চালালে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয় বলে অনেক সদস্য দ্বিধায় থাকেন।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, “কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী, অভিযানে গিয়ে কেউ যদি অস্ত্র প্রদর্শন করে, তবে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে পারবে।”