Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

রামচন্দ্রপুর খালের উদ্ধার হওয়া জায়গায় আবারও বেদখল, চলছে ১০ তলা ভবন নির্মাণ

 রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের উদ্ধার করা জায়গা বছর না ঘুরতেই পুনরায় বেদখল হয়ে গেছে। গত বছর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিতর্কিত সাদিক অ্যাগ্রো খামারের স্থাপনা খালের জায়গা হিসেবে চিহ্নিত করে গুঁড়িয়ে দিয়েছিল। কিন্তু এখন সেই জায়গাকে ব্যক্তিমালিকানাধীন দাবি করে জোরেশোরে চলছে ১০ তলা ভবন নির্মাণের কাজ। অথচ ডিএনসিসি এখনো এ বিষয়ে কোনো বাধা দেয়নি।

‘১৫ লাখ টাকার ছাগল’ কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর খামার গত বছরের ২৭ জুন ভেঙে ফেলা হয়। ৫ আগস্ট রাষ্ট্রক্ষমতার পটপরিবর্তনের পর কয়েকজন ওই জমির মালিকানা দাবি করছেন। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, খালের জায়গা দখলের অভিযোগে সাদিক অ্যাগ্রো উচ্ছেদ করা হলে সেখানে এখন কীভাবে বহুতল ভবন নির্মাণ হচ্ছে?

বুধবার (২৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সাদিক অ্যাগ্রোর উচ্ছেদের পর ফাঁকা হওয়া জায়গাটি চারটি প্লটে ভাগ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় প্লটে রয়েছে অটোরিকশার গ্যারেজ, তৃতীয় প্লটটি ফাঁকা, এবং চতুর্থ প্লটে নির্মিত হচ্ছে ১০ তলা ভবন। এই প্লটগুলো ডিএনসিসির পিলারের বাইরে হাউজিং এলাকার ভেতরে অবস্থিত।

প্রথম প্লটের মালিকানা দাবি করেছেন আব্দুল আলীম তালুকদার। দ্বিতীয় প্লটের মালিক হিসেবে প্রয়াত আবুল কালাম আজাদের স্ত্রী শাহানা আজাদ ও তার দুই ছেলে উত্তরাধিকার সূত্রে জমির দাবিদার। তৃতীয় প্লটের মালিকানা দাবি করছেন বসির আহমেদ, এবং চতুর্থ প্লটে ভবন নির্মাণকারী মোহাম্মদ আলী আকন্দ। স্থানীয়রা জানান, এই চারজনের কাছ থেকে ভাড়া নিয়েই সাদিক অ্যাগ্রোর ইমরান আহমেদ খামারটি গড়েছিলেন।

সাদিক অ্যাগ্রোর ম্যানেজার জাহিদ উদ্দিন অভিযোগ করেন, ব্যক্তিগত রেষারেষির কারণে তাদের খামার উচ্ছেদ করা হয়। তিনি বলেন, “এগুলো ব্যক্তিমালিকানার জায়গা। আমাদের সুনামহানির জন্য একটি পক্ষ উঠেপড়ে লেগেছিল।”

সাত মসজিদ হাউজিং সোসাইটির নিরাপত্তা তত্ত্বাবধায়ক সাদেক হোসেন বলেন, “এই জায়গাগুলো খালের জমি নয়। ব্যক্তিগত গ্যাঞ্জামের কারণে সাদিক অ্যাগ্রো ভাঙা হয়েছে।”

১০ তলা ভবন নির্মাণের দায়িত্বে থাকা রূপকার বিল্ডার্স লিমিটেডের প্রকৌশলী মো. বায়েজিদ আহমেদ জানান, গত বছরের নভেম্বর থেকে মোহাম্মদ আলী আকন্দের সঙ্গে চুক্তিতে ভবন নির্মাণ শুরু হয়েছে। ভবনের ফটকে ঝোলানো ব্যানারে উল্লেখ, ১২ আগস্ট রাজউকের কাছে অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও চা দোকানি জসিম আলম বলেন, “স্থানীয় কাউন্সিলরের সঙ্গে সাদিক অ্যাগ্রোর মালিকের দ্বন্দ্বের কারণে খামারটি উচ্ছেদ করা হয়।” ডিএনসিসির অঞ্চল-৫-এর নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান বলেন, “আমি নতুন এসেছি। এ বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে দেখব।”