Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার উদ্বোধন, ফলকে নিজের নাম দেখে ক্ষুব্ধ উপদেষ্টা

গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়কের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (২৪ আগস্ট ২০২৫) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি লাল ফিতা কেটে এই সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করেন। তবে, ফলক উন্মোচনের সময় তিনি শ্বেতপাথরে কালো কালি দিয়ে উদ্বোধক হিসেবে তার নিজের নাম লেখা দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হন। তিনি বলেন, “এটি কি আমার বাপের টাকায় করা? তাহলে ফলকে কেন আমার নাম থাকবে?” তিনি দ্রুত ফলক পরিবর্তনের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “আশপাশের দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি। রাস্তাঘাট নির্মাণ দুর্নীতির একটি বড় ক্ষেত্র। দুর্নীতি কমানো গেলে এবং আমাদের প্রকৌশলীরা সঠিকভাবে কাজ করলে ২০ থেকে ৩০ শতাংশ ব্যয় কমানো সম্ভব।” তিনি আরও বলেন, “ঢাকা শহরে এ ধরনের বাইপাস নির্মাণ করতে হবে, যাতে বড় শহরগুলো যানজট থেকে মুক্ত হয়। সড়ক নির্মাণের ব্যয় কমাতে এবং টেকনোলজি উন্নত করতে হবে, যেন রাস্তা বছরের পর বছর খারাপ না হয়।”

তিনি জোর দিয়ে বলেন, “আমাদের সড়কের ওপর নির্ভরতা কমাতে হবে। রেলপথ, নদীপথ এবং বিমান যোগাযোগের ব্যবহার বাড়াতে হবে। আমরা অতীতে এই পথগুলোর প্রতি অবহেলা করেছি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে আমরা এখন মাল্টি-লেভেল পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনায় সড়ক, রেল এবং নদীপথ একত্রে বিবেচনা করা হবে। যেখানে যেটা উপযুক্ত, সেখানে সেটির ওপর জোর দেওয়া হবে। জমি অধিগ্রহণ একটি দীর্ঘ এবং ব্যয়বহুল প্রক্রিয়া, তাই এ থেকে বেরিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানসহ প্রকল্পের দেশি-বিদেশি কর্মকর্তারা।

এই এক্সপ্রেসওয়ের ৪৮ কিলোমিটার দীর্ঘ প্রকল্পের প্রথম ধাপ হিসেবে ১৮ কিলোমিটার উন্মুক্ত করা হয়েছে। এটি ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সঙ্গে সংযুক্ত। এই সড়ক চালু হওয়ায় পণ্যবাহী যানবাহন দ্রুত যাতায়াত করতে পারবে এবং ঢাকা শহরে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে।