ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ আগস্ট) সকালে শ্রীবরদী উপজেলার কাকিলা কুড়া ইউনিয়নের খুশালপুর মধ্যপাড়া গ্রামে। এই দম্পতির চার সন্তান রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শ্রীবরদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, শুক্রবার সকালে কৃষক খলিলুর তার অসুস্থ স্ত্রী খোরশেদা বেগমকে ঘর থেকে টেনে বাড়ির উঠানে নিয়ে আসেন। সেখানে তাকে মারধর করেন এবং একপর্যায়ে গর্ত খুঁড়ে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অভিযুক্ত খলিলুর পালিয়ে যান।
ওসি আরও জানান, খলিলুরের এক ছেলে বিদেশে থাকে এবং তিন মেয়ের বিয়ে হয়েছে। সন্তানরা তাদের বাবা-মায়ের খোঁজখবর রাখেন না। সংসারে আর্থিক টানাপোড়েন এবং স্ত্রীর ছয় বছরের দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণে খলিলুর মানসিক অশান্তিতে ভুগছিলেন। এই পরিস্থিতির জেরে তিনি এমন অমানবিক কাণ্ড ঘটিয়েছেন।
তিনি বলেন, “জীবন্ত মানুষকে মাটিচাপা দেওয়ার চেষ্টা অমানবিক এবং শাস্তিযোগ্য অপরাধ। কেউ অভিযোগ দিলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”