নাটোরের সিংড়া উপজেলায় চুরির অপবাদে এলাকাবাসীর গণপিটুনিতে আকরাম হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিহত আকরাম সিংড়া পৌর শহরের পারসিংড়া মহল্লার মৃত ইউনুস আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার বিকাল আনুমানিক ৩টার দিকে পাটকোল গরুহাটি এলাকায় চুরির অপবাদে আকরাম হোসেনকে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা আফরোজ বলেন, “আহত অবস্থায় আকরামকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। মামলা দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে নিহত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, আকরাম নেশা ও চুরির সঙ্গে জড়িত ছিল। মূলত চুরির অভিযোগে এলাকাবাসীর মারধরে তার মৃত্যু হয়েছে বলে তারা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।