Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

খাগড়াছড়িতে ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, একজন আহত

 

 খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রসিত গ্রুপ এবং গণতান্ত্রিক ইউপিডিএফের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রসিত গ্রুপের একজন নারী সমর্থক আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে ইউপিডিএফের দুটি পক্ষ পৃথকভাবে মিছিল বের করে। প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ স্বর্ণভর বাজার থেকে মিছিল শুরু করে। মিছিলটি চেঙ্গী স্কয়ারে পৌঁছানোর পর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রসিত গ্রুপের ব্যানারে আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউপিডিএফ প্রসিত গ্রুপের মুখপাত্র অংগ্য মারমা সংঘর্ষের জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছেন। তিনি বলেন, “আজ সকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন উপলক্ষে আমাদের শান্তিপূর্ণ মিছিল চেঙ্গী স্কয়ারে পৌঁছানোর পর গণতান্ত্রিক ইউপিডিএফ আমাদের ওপর হামলা করে। এতে আমাদের একজন নারীকর্মী আহত হয়েছেন।”

অন্যদিকে, গণতান্ত্রিক ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা অমর জ্যোতি চাকমা হামলার অভিযোগ অস্বীকার করে প্রসিত গ্রুপকে দায়ী করেছেন। তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন উপলক্ষে আমাদের শোভাযাত্রা শুরু হওয়ার পর প্রসিত গ্রুপ আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এর ফলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং আমাদের ব্যানার-ফেস্টুন ভাঙা হয়।”

সংঘর্ষের পর গণতান্ত্রিক ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চেঙ্গী স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে, যা সূর্যশিখা ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে পিসিপির সাধারণ সম্পাদক কলিন চাকমা বক্তব্য দেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, “দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”