Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

রাজধানীর কাওলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

 রাজধানীর কাওলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর এবং তিনি বেগুনি রঙের বোরকা পরিহিত ছিলেন। বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে এই দুর্ঘটনা ঘটে।

পথচারী রফিকুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে ওই নারী ভাড়া করা মোটরসাইকেলে কাওলা এলাকায় আসছিলেন। হঠাৎ একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।

ঘটনার সময় মোটরসাইকেল চালক সামান্য আহত হলেও তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। আহত নারীকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।