চট্টগ্রামের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকায় সড়কের পাশে এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান জন্ম দিয়েছেন। ঘটনার পর ট্রাফিক পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে নবজাতকসহ ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করেছে। বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জুমার নামাজের ঠিক আগে দেওয়ানহাট মোড়ে এক নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। কয়েক মিনিটের মধ্যে তিনি সড়কের পাশেই একটি শিশুর জন্ম দেন। এ সময় সড়কে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জাহিদুর রহমান দ্রুত পদক্ষেপ নেন। চট্টগ্রাম জেলা পুলিশের একটি অ্যাম্বুলেন্সের সহায়তায় নবজাতকসহ ওই নারীকে চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। জাহিদুর রহমান নিজেও অ্যাম্বুলেন্সে তাদের সঙ্গে হাসপাতালে যান।
জাহিদুর রহমান বলেন, “দেওয়ানহাট মোড়ে দায়িত্ব পালনের সময় এক সহকর্মীর কাছ থেকে এই ঘটনার খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি মা ও শিশু দুজনই ছটফট করছেন। আশপাশের লোকজনকে সাহায্যের জন্য ডাকলেও কেউ এগিয়ে আসেনি। পরে একটি গামছা দিয়ে জায়গাটা আড়াল করার চেষ্টা করি। এ সময় আগ্রাবাদগামী জেলা পুলিশের একটি অ্যাম্বুলেন্স থামিয়ে মা ও নবজাতককে চমেক হাসপাতালে পৌঁছে দিই। তাদের হাসপাতালের ৬ তলার গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।”
ট্রাফিক পুলিশের এই তৎপরতা স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। ওই নারীর পরিচয় এবং তার পারিবারিক পটভূমি সম্পর্কে জানতে পুলিশ আরও তদন্ত করছে, যাতে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়।