শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন জানান, ধর্ষণের শিকার গৃহবধূকে শুক্রবার বিকালে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—শিবগঞ্জ উপজেলার মুরাদপুর দক্ষিণপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সুফিয়ান জাকির (৪০) এবং পার আঁচলাই মধ্যপাড়া গ্রামের শাহজাহান ইসলামের ছেলে মিল্লাত হোসেন (৩৫)। পলাতক আসামিরা হলেন—শিবগঞ্জের মুরাদপুর উত্তরপাড়া গ্রামের ফারুক হোসেন (৪০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের আজহার আলী (৫০)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বুধবার রাতে আসামিরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কুমারগাড়ী গ্রাম থেকে গৃহবধূ ও তার স্বামীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে নেয়। তাদের শিবগঞ্জের মোকামতলায় এক প্রতিবন্ধীর অফিসে নিয়ে যাওয়া হয়, যেখানে স্বামীকে বেঁধে রেখে চারজন গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে।
গৃহবধূর স্বামী বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জাকির ও মিল্লাতকে গ্রেফতার করে। ওসি শাহিনুজ্জামান শাহিন শুক্রবার বিকালে জানান, পলাতক আসামি ফারুক ও আজহারকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।