Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নওগাঁর পোরশায় জমি বিরোধে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন, আটজনের বিভিন্ন মেয়াদে সাজা

 নওগাঁর পোরশা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে হত্যার মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও আটজন আসামির বিভিন্ন মেয়াদে সাজা এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এই রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত কুশলী সাব্বির আহম্মেদ, আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন অমরেন্দ্র নাথ ঘোষ, সঞ্জীব সরকার ও নাজমুন নাহার।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিক (পলাতক), কাদির ওরফে কাদের এবং আমির আলী ওরফে আমির। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—দুরুল হুদা (পলাতক), মো. সেমাজুল ইসলাম, তরিকুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. রেজাউল করিম, মো. ওয়াজেদ আলী, আবুল কালাম এবং মো. আলিম ওরফে আলম। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন—রফিকুল ইসলাম ওরফে রফিক, মোছা. কহিনুর বেগম, মোছা. মরিয়ম বিবি এবং মোছা. কমেলা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৩০ আগস্ট সকালে পোরশা থানার কালাইবাড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্র লাঠি, হাসুয়া ও ফালা ব্যবহার করা হয়। সংঘর্ষে শফিকুল, মিজানুর, সেরিনা, বইফুল ও নার্গিস সুলতানা গুরুতর জখম হন। তাদের পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শফিকুল, সেরিনা ও নার্গিস সুলতানার অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

এ ঘটনায় সামাদ নামে এক ব্যক্তি বাদী হয়ে পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেন। দীর্ঘ শুনানির পর আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং চারজনকে খালাস দেন। মামলা চলাকালে সায়েদা নামে এক আসামি মারা যান।