পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব চাম্বল গ্রামের বাসিন্দা দুলাল রুদ্রের ছেলে তপন রুদ্র স্থানীয় মিয়ার দোকান এলাকায় একটি সেলুনে চাকরি করতেন। মাদকাসক্তির কারণে তিনি চাকরি ছেড়ে বেকার হয়ে পড়েন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মাদক সেবনের জন্য বাবার কাছ থেকে টাকা দাবি করেন। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা আহত দুলালকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুলাল রুদ্র মারা যান। ঘটনার পর স্থানীয়রা তপনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত তপন রুদ্রকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।