গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন। তিনি বলেন, “জামাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”
আহতের ভাই মো. সজল জানান, জামাল হোসেন বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনার সময় তিনি সংগঠনের ক্লাব অফিসের সামনে অবস্থান করছিলেন। এ সময় মুখোশ পরা দুজন দুর্বৃত্ত তার সামনে এসে মাথায় গুলি করে পালিয়ে যায়।
তিনি আরও জানান, জামাল হোসেন মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে পরিবারসহ বসবাস করেন।
ঘটনার পর এলাকা ও হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে, হামলার কারণ ও দুর্বৃত্তদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।