রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকার ক্যানসার গলিতে রুবেল ওরফে সিডি নামে এক মাদক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
আহত রুবেলের স্ত্রী তামান্না জানান, তার স্বামী ওই সময় ক্যানসার গলিতে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তারা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
রায়েরবাজার পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল আলম বলেন, “আমরা বিষয়টি জেনেছি এবং তদন্ত শুরু করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বশত্রুতার জেরে ঘটে থাকতে পারে।” তিনি আরও জানান, রুবেলের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
পুলিশ ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে।