শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া গ্রাম থেকে জিম্মি অবস্থায় রহিম মিয়াকে উদ্ধার করা হয় এবং জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মীর দেওহাটা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে হাসান মোল্লা (৩৪), মৃত আতোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), রহিম সিকদারের ছেলে জহিরুল ইসলাম (২৪), কোদালিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে মো. রানা (২০), বহুরিয়া গ্রামের মঙ্গল সিকদারের ছেলে আরিফ (৩৩) এবং গাজীপুরের কালিয়াকৈর থানাধীন তালচানা গ্রামের আলকেসের মেয়ে আকলিমা বেগম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহিম মিয়া এবং আকলিমা বেগম একই ইটভাটায় কাজ করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন। ইটভাটার কার্যক্রম বন্ধ হওয়ার পর রহিম তাঁর নিজ এলাকায় চলে যান, যেখানে তার আরেক স্ত্রী ছিলেন। সাত মাস ধরে রহিম যোগাযোগ না করায় আকলিমা তাকে শায়েস্তা করার পরিকল্পনা করেন। তিনি ফোন করে রহিমকে মির্জাপুরে আসতে বলেন। রহিম আকলিমার ভাড়া বাসায় পৌঁছানোর পর তাকে মারধর করে একটি বাড়িতে জিম্মি করা হয়। এরপর তার স্বজনদের কাছে ফোন করে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
ভুক্তভোগীর স্বজনরা জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতরা এলাকায় মাদক নির্মূল কমিটির নেতৃত্ব দিত। কিন্তু পর্দার আড়ালে তারা বিভিন্নভাবে চাঁদাবাজি করত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।”