Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক চোরাচালানের ট্রানজিট পয়েন্ট: নারী-পুরুষসহ গ্রেফতার ৭৫

 ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর দেশের অন্যতম মাদক ও চোরাচালানের ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে প্রায় ৩৪ কিলোমিটার সীমান্তবর্তী পাহাড়পুর, বিষ্ণুপুর ও সিঙ্গারবিল ইউনিয়নের মধ্য দিয়ে প্রতিদিন প্রবেশ করছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, স্কফ সিরাপ ও বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলায় ৫৫০ থেকে ৬০০ মাদক কারবারি সক্রিয় রয়েছে। তবে স্থানীয়দের ধারণা, এই সংখ্যা হাজার ছাড়িয়েছে। প্রায় ১৮-২০টি সীমান্ত পয়েন্ট দিয়ে মাদকের চালান অবাধে প্রবেশ করছে, যা রেল, সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। হরষপুর, মুকুন্দপুর ও আজমপুর রেলস্টেশন ব্যবহার করে ভিক্ষুক বা হকার সেজে মাদক পরিবহন করা হচ্ছে। বর্ষাকালে (৭-৮ মাস) নৌপথ এবং বাকি সময় সড়কপথে এসব মাদক রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে পৌঁছাচ্ছে।

উপজেলায় ৩২০ থেকে ৩৫০টি খুচরা মাদক বিক্রির স্পট গড়ে উঠেছে, যেখানে ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, নাসিরনগর, আশুগঞ্জ, নবীনগর, কিশোরগঞ্জ ও নরসিংদী থেকে বহু মানুষ মাদক সেবনের জন্য আসছেন। মাদক পরিবহনে নারীদের সম্পৃক্ততাও বাড়ছে। অনেক নারী শরীরের বিভিন্ন অংশে মাদক লুকিয়ে পরিবহন করছেন, কেউ পাহারা দিচ্ছেন, আবার কেউ অর্থ লগ্নি করে এই ব্যবসায় জড়াচ্ছেন।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা এই মাদক ব্যবসায় সহযোগিতা করছেন এবং কমিশন নিচ্ছেন। একাধিক মাদক কারবারি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মাদক ব্যবসা ঝুঁকিপূর্ণ হলেও লাভজনক। নতুনরা শুরুতে লাভ করলেও পরে বিভিন্ন মহলে ভাগ দিতে গিয়ে লাভ কমে যায়। মামলা-হামলার ভয়ে অনেকে বাধ্য হয়ে এই ব্যবসা চালিয়ে যান।” তারা আরও জানান, মাদক ব্যবসা থেকে ফিরে আসতে চাইলেও মামলার ভয় দেখিয়ে তাদের জোরপূর্বক এই কাজে রাখা হচ্ছে।

বিজয়নগর থানার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৮৬টি মাদক মামলা দায়ের হয়েছে। এতে ৭৫ জন গ্রেফতার হয়েছেন এবং জব্দ করা হয়েছে ৭১১ কেজি গাঁজা, ১২৮৬ পিস স্কফ সিরাপ, ৬২৮ বোতল ফেন্সিডিল, ৭২ বোতল বিদেশি মদ ও ১৮,৮৯০ পিস ইয়াবা।

বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউছুফ ভূঁইয়া বলেন, “এই অঞ্চলের অধিকাংশ নারী-পুরুষ এখন মাদকে জড়িয়ে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে সীমান্ত এলাকার পরিবেশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে।”

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক জব্দ করা হচ্ছে।”