Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ঝিনাইদহে সাপের কামড়ে শিশু ও আইনজীবীর সহকারীসহ দুইজনের মৃত্যু

ঝিনাইদহে সাপের কামড়ে দুই বছরের এক শিশু কন্যা সাদিয়া খাতুন এবং একজন আইনজীবীর সহকারী হাসিবুল হাসান জনি (৪০) মারা গেছেন। নিহত শিশু সাদিয়া সদর উপজেলার সুতি দূর্গাপুর গ্রামের খোন্দকার সুরুজ মিয়ার মেয়ে এবং হাসিবুল হাসান জনি কালীগঞ্জ উপজেলার রাখাল গাছি ইউনিয়নের মোল্লাকোয়া গ্রামের মৃত ইউসূফ আলীর ছেলে।

নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত ৩টার দিকে শিশু সাদিয়া তার বাবা-মায়ের সঙ্গে মশারির মধ্যে ঘুমাচ্ছিল। হঠাৎ শিশুর মা পায়ে ঠান্ডা অনুভব করলে সুরুজ মিয়াকে জানান। তড়িঘড়ি টর্চ জ্বালিয়ে দেখা যায়, মশারির মধ্যে একটি সাপ রয়েছে। বাড়ির লোকজন সাপটি মারার চেষ্টা করলেও তা ফ্রিজের ফাঁকে ঢুকে পড়ায় মারা সম্ভব হয়নি। এরপর সাদিয়া অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় মসজিদের হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর জানান, সাপের বিষ নেই। তবে শিশুর অবস্থার অবনতি হলে তাকে তালসার গ্রামের পল্লী চিকিৎসক নেয়ামুলের কাছে নিয়ে যাওয়া হয়। নেয়ামুল নেবুলাইজার প্রয়োগ করেও কোনো উন্নতি না হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে স্থানীয় ওঁঝা বাহার আলীর কাছে নিয়ে গেলে তিনিও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সকাল পৌনে ৬টার দিকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মাহবুব জানান, “সাদিয়া নামের শিশুটিকে সকাল পৌনে ৬টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।”

অন্যদিকে, আইনজীবীর সহকারী হাসিবুল হাসান জনিকে গভীর রাতে সাপে কামড়ায়। স্বজনেরা প্রথমে তাকে স্থানীয় ওঁঝার কাছে নিয়ে যান। এরপর কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক এন্টিভেনাম প্রয়োগ করেন। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে যশোর হাসপাতালে রেফার করা হয়। যশোরে নিয়ে যাওয়ার পথে সকাল ৭টার দিকে তিনি মারা যান।

শিশু সাদিয়ার সাপের কামড়ের ঘটনা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। হাসিবুল হাসান জনির মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম।