খুলনার সোনাডাঙ্গার সবুজবাগ এলাকায় মনোয়ার হোসেন টগর (২৭) নামে এক যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত টগর পেশায় ছিলেন রঙের ঠিকাদার এবং তিনি সবুজবাগ এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে তিনজন যুবক টগরের বাড়িতে ঢুকে পড়ে। তারা তাকে ছুরিকাঘাত করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা টগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।