Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

বাঘায় ড্রেনেজ সমস্যায় জলাবদ্ধতা, মহাসড়ক পরিণত হয়েছে মৃত্যুফাঁদে

রাজশাহীর বাঘা উপজেলায় পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে উপজেলার সামনের মহাসড়কটি হয়ে উঠেছে মৃত্যুফাঁদ। টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, যান চলাচল ব্যাহত হচ্ছে, সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

শুক্রবারের বৃষ্টিতে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় ও শাহদৌলা সরকারি কলেজ মার্কেটের সামনের রাস্তায় পানি থৈ থৈ করছে। রাস্তা থেকে পানি বেরিয়ে যেতে পারছে না অপরিকল্পিত ও উঁচু ড্রেন নির্মাণের কারণে। ড্রেন নির্মাণে বিপুল অর্থ ব্যয় করা হলেও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সংকট আরও ঘনীভূত হচ্ছে।

বাঘা পৌরসভার বাসিন্দা আকবর হোসেন বলেন, “জলাবদ্ধতা আমাদের নিত্যদিনের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। রাস্তা এখন গর্ত আর কাদা পানিতে পরিপূর্ণ। সামান্য বৃষ্টিতেই হাঁটাচলা করা দায় হয়ে যায়।”

সিএনজিচালক আলী হোসেন জানান, “বাঘা উপজেলা অফিস থেকে পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত রাস্তা এতটাই পানি আর গর্তে ভরা যে গাড়ি চালানোই চ্যালেঞ্জ হয়ে পড়েছে।”

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার বলেন, “মহাসড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে এই সমস্যা থাকবে না বলে আশা করছি।”

স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনাহীন ড্রেনেজ ব্যবস্থা ও দুর্বল তদারকি এই দুরবস্থার মূল কারণ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বর্ষায় এ দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।