Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

হাজারীবাগে বিরোধের জেরে নারীর মৃত্যু, গ্রেপ্তার ৫

রাজধানীর হাজারীবাগের কালুনগরে পারিবারিক বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

হাজারীবাগ থানার পুলিশ জানায়, রওশন আরা সপরিবারে হাজারীবাগ ৫ নম্বর কালুনগর বেড়িবাঁধ–সংলগ্ন একটি বাড়িতে বসবাস করতেন। তাঁর স্বামীর নাম আমজাদ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে তিন-চারজন দুর্বৃত্ত রওশন আরার ঘরে প্রবেশ করে। এ সময় তারা রওশন আরার ছেলেকে মারধর করে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা রওশন আরাকে লাঠি দিয়ে আঘাত করে। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি রক্তাক্ত হন। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রওশন আরা কালুনগরে এক ব্যক্তির জমিতে ঘর তুলে স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন। প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে বিরোধ নিষ্পত্তির জন্য দুই পক্ষ থানায় এসেছিল। থানায় আলোচনার পর রওশন আরার প্রতিপক্ষের কয়েকজন ওই রাতে তাঁর বাসায় হামলা চালায়।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় নিহতের পরিবার এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।