প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। তিন দিনেও মেয়েটির খোঁজ না পাওয়ায় অভিযুক্ত রবিউলসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন- আমতলী উপজেলার পূর্ব কেওয়াবুনিয়া গ্রামের মো. নুর সায়েদ আকনের ছেলে রবিউল (২৩), তার বাবা মো. নুর সায়েদ আকন, মা আকলিমা বেগম এবং রবিউলের বন্ধু আরিয়ান গাজী। এ তথ্য নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু।
স্কুলছাত্রীর বাবার অভিযোগপত্র থেকে জানা যায়, স্থানীয় একটি হাই স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে ওই ছাত্রী। রবিউল তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বারবার উত্ত্যক্ত করতেন। বিষয়টি মেয়ে তার পরিবারকে জানালে, তার বাবা রবিউলের বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সামনে উত্ত্যক্ত না করার জন্য নিষেধ করেন। এতে রবিউল অপমানিত বোধ করে ওই ছাত্রীকে অপহরণের পরিকল্পনা করেন।
ছাত্রীর বাবা অভিযোগে বলেন, “গত ৫ আগস্ট সকালে আমার মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছলে রবিউল ও তার বন্ধু আরিয়ান গাজী তাকে ভয় দেখিয়ে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। আমি রবিউলের বাবা-মায়ের কাছে গিয়ে মেয়েকে ফেরত চাই। তারা মেয়েকে ফেরত দেওয়ার কথা বললেও দেয়নি। আমার ধারণা, রবিউল আমার মেয়েকে কোথাও আটকে রেখে ধর্ষণ করেছে। আমি জানি না আমার মেয়ে বেঁচে আছে কিনা। তিন দিন ধরে খোঁজ করেও তাকে পাইনি।” রবিউলের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “এখন পর্যন্ত কোর্টের আদেশ পাইনি। আদেশ পেলে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
