অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “কোনো স্বৈরাচারকে মিথ্যার ওপর পিএইচডি করতে হলে পতিত হাসিনার কাছে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈরশাসকের যদি কোনো সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি। বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বৈরাচার ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই।” এ সময় তিনি বিশ্বের বিভিন্ন স্বৈরাচারের পরিণতির উদাহরণ আদালতের সামনে তুলে ধরেন।
রোববার বেলা সাড়ে ১১টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানি শুরু হয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহাম্মদ মোহিতুল হক। এই শুনানি ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও তার দল আওয়ামী লীগের সশস্ত্র সদস্যদের দ্বারা ব্যাপক নির্যাতন ও হত্যাকাণ্ডের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ করেন, শেখ হাসিনা এই “সুসংগঠিত, ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণের” মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও উচ্চপদস্থ কমান্ডার ছিলেন।
শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে তিনটি ওয়ারেন্ট জারি করা হয়েছে। তিনি ও তার দল অভিযোগগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে উড়িয়ে দিয়েছেন।