বিষয়টি শনিবার বিকালে নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, “শ্রেয়া ঘোষের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে আমাদের ইনস্টিটিউট থেকে মোট ৯ জনকে ছাড়পত্র দেওয়া হলো।”
ডা. শাওন আরও জানান, “বর্তমানে আমাদের ইনস্টিটিউটে ২৮ জন আহত রোগীর চিকিৎসা চলছে। তাদের সবার অবস্থার উন্নতি হচ্ছে। আমরা আশা করছি, বাকি রোগীরাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে এবং ছাড়পত্র পাবে। যাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে, তারা ভবিষ্যতে প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশনের জন্য ইনস্টিটিউটে ফিরে আসতে পারবেন।”
গত ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, যার ফলে ব্যাপক আগুনের ঘটনায় ৩৫ জন নিহত এবং ১৭৩ জনের বেশি আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী, যাদের অনেকে জ্বালানি তেলের কারণে গুরুতর দগ্ধ হয়েছিলেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে, এবং সরকারের পক্ষ থেকে তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।