Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

ডেমরায় গণধর্ষণের শিকার নারী: মুক্তিপণ আদায় ও মোবাইল ছিনতাই

 রাজধানীর ডেমরার কোনাপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় ৩২ বছর বয়সি এক নারী সিনেমা স্টাইলে পালাক্রমে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের পর তাকে আটকে রেখে ধর্ষকরা বিকাশের মাধ্যমে ৩১ হাজার টাকা মুক্তিপণ আদায় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

শনিবার (২ আগস্ট) ভুক্তভোগী নারী ডেমরা থানায় অজ্ঞাতনামা চার পুরুষ এবং সুমি ওরফে সিমা (২২) নামে এক প্রতারক যুবতির বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, গত ১ আগস্ট মিরপুর থেকে অনলাইনে কাজের প্রলোভন দেখিয়ে ওই নারীকে ডেকে এনে গণধর্ষণ করা হয়। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন। শনিবার রাতে পুলিশ ভুক্তভোগীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়।

ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, ভুক্তভোগীর পূর্ব-পরিচিত সিমা তাকে ফোন করে অনলাইনে কাজের প্রস্তাব দেন। ১ আগস্ট দুপুরে এক অজ্ঞাত ব্যক্তি ফোনে কল করে তাকে স্টাফ কোয়ার্টারে ডেকে আনেন। বিকালে স্টাফ কোয়ার্টারে পৌঁছালে তাকে হোটেলে খাবার খাওয়ানো হয়। পরে কোনাপাড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়, যেখানে ২৫ থেকে ৩০ বছর বয়সী তিনজন অপেক্ষা করছিলেন।

ওসি আরও জানান, ওই নারীকে বলা হয়, কাজটি ছিল শর্ট ভিডিওতে ধর্ষণের অভিনয় করা। সরল বিশ্বাসে নির্দেশনা অনুযায়ী চুল এলোমেলো করার সময় তার হাত-পা বেঁধে চারজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই নির্যাতন চলে। এরপর মুক্তিপণ হিসেবে তার ও তার মায়ের কাছ থেকে বিকাশে ৩১ হাজার টাকা আদায় এবং ৩ৰ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয় ধর্ষকরা। ওই রাতেই তাকে বাসা থেকে বের করে দেওয়া হয় এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন এবং অভিযুক্তদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে।