Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

সাতক্ষীরায় মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার আটক

 সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া পোস্ট অফিসে ১১ বছর বয়সি এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার শহিদুল ইসলামকে (৫৫) জনতা আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৩ আগস্ট) দুপুর ৩টার দিকে।

আটক শহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের মৃত শেখ বদরুদ্দীন হায়দারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি তার মায়ের প্রথম স্বামীর সন্তান। তার পিতার বাড়ি বাবুলিয়া গ্রামে। মায়ের সঙ্গে পিতার বিচ্ছেদের পর মা বাঁশঘাটা এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। শিশুটি প্রতিদিন পোস্ট অফিসের সামনে তার মায়ের সঙ্গে দেখা করতে যেত।

রোববার দুপুরে শিশুটি মায়ের সঙ্গে দেখা করতে গেলে পোস্টমাস্টার শহিদুল ইসলাম তাকে কাগজপত্র গুছিয়ে দেওয়ার জন্য ১০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে অফিসের ভেতর ডেকে নেন। এরপর দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করেন এবং শহিদুল ইসলামকে আটক করে পুলিশ ও র‌্যাবকে খবর দেন।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন এবং শহিদুল ইসলামকে হেফাজতে নেন। পোস্ট অফিসের পিয়ন আশরাফ আলী জানান, দুপুরের খাবার খেয়ে ফিরে দেখেন জনতা শহিদুল ইসলামকে আটক করেছে। গ্রামপুলিশ সদস্য শহিদুল ইসলামও একই কথা জানান। শিশুটির মা এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) জানান, ধর্ষণের অভিযোগে একজনকে র‌্যাব আটক করেছে বলে শুনেছেন, তবে বিকাল ৬টা পর্যন্ত আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।