এর আগে ২০২৩ সালের ১৭ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অর্থপাচার আইনের মামলায় জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দেন। তার সাত দেহরক্ষীকেও চার বছর করে কারাদণ্ড এবং ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা করা হয়। জরিমানা ৬০ দিনের মধ্যে পরিশোধ না করলে তাদের আরও এক বছরের সাজা ভোগ করতে হতো। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জি কে শামীমকে তার সাত সশস্ত্র দেহরক্ষীসহ নিকেতন এ-ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাড়িতে অবস্থিত তার কার্যালয় থেকে আটক করে। ১১ ঘণ্টার অভিযানে সেখান থেকে ১ কোটি ৮০ লাখ টাকা, ৯ হাজার মার্কিন ডলার, ৭৫২ সিঙ্গাপুর ডলার, ১৬৫ কোটি টাকার এফডিআর, অস্ত্র ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। এরপর র্যাব বাদী হয়ে জি কে শামীমের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিংয়ের তিনটি মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ ২০২০ সালের ৪ আগস্ট জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলায় চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১০ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। মামলায় চার্জশিটভুক্ত ২৬ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, জি কে শামীম তার দেহরক্ষীদের সহযোগিতায় লাইসেন্সকৃত অস্ত্র প্রকাশ্যে বহন, প্রদর্শন ও ব্যবহার করে লোকজনের মধ্যে ভীতি সৃষ্টি করতেন। তিনি টেন্ডারবাজি, মাদক, জুয়ার ব্যবসা এবং স্থানীয় টার্মিনাল, গরুর হাট-বাজারে চাঁদাবাজির মাধ্যমে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হয়েছেন।
তদন্ত সূত্রে জানা যায়, জি কে শামীম ও তার পরিবার অবৈধ উপায়ে উপার্জিত অর্থ পাচারের উদ্দেশ্যে মজুত রেখেছিলেন। এই অর্থ যেকোনো সময় হস্তান্তর বা স্থানান্তরের ঝুঁকি ছিল। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়, যেখানে কয়েকশ’ কোটি টাকা রয়েছে বলে জানা গেছে। হাইকোর্টের সাম্প্রতিক রায়ে জি কে শামীমের খালাসের মাধ্যমে এই মামলায় তার আইনি লড়াইয়ের একটি অধ্যায় শেষ হলো।