দগ্ধদের প্রাথমিকভাবে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় নোয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
দগ্ধ জেলেরা হলেন—আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০), গণিখা (৪৫) এবং ফারুক (৩৯)। তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার চরবংশী এলাকার বাসিন্দা এবং পেশায় জেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নদীতে মাছ ধরার ট্রলারে দুপুরের খাবার রান্নার প্রস্তুতি চলছিল। এ সময় গ্যাস সিলিন্ডার চালু করার সঙ্গে সঙ্গে হঠাৎ বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা পাঁচ জেলের মধ্যে দেলোয়ার নামের একজন নদীতে লাফিয়ে প্রাণে রক্ষা পান। বাকি চারজন গুরুতরভাবে দগ্ধ হন। পাশের জেলেরা তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।
রামগতি বড়খেরী নৌপুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দগ্ধদের অবস্থা খুবই খারাপ। তাদের নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামনা শীষ মজুমদার জানান, “দগ্ধদের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।