Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

পদ্মার ভাঙনে শরীয়তপুরের জাজিরায় ১১০ মিটার বাঁধ ধসে পড়েছে, বিলীন ৩০টি ঘর

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের প্রায় ১১০ মিটার অংশ আবারও ধসে পড়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় এই ভাঙন দেখা দেয়। এতে অন্তত ৩০টি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। অনেকেই ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ও জিওটিউব ডাম্পিংয়ের কাজ চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড, তবে স্রোতের তীব্রতা ও বৃষ্টির কারণে তা ব্যাহত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় ২ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয়, যার ব্যয় হয় ১১০ কোটি টাকা। কিন্তু বারবার ভাঙনে ইতোমধ্যে প্রায় ৭৫০ মিটার অংশ নদীতে ধসে গেছে।

ভুক্তভোগী মনোয়ার হোসেন বলেন, ‘ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে যাই। গিয়ে দেখি, আমার চোখের সামনেই দুটি ঘর নদীতে চলে গেল। দ্রুত টেকসই বাঁধ না হলে সব শেষ হয়ে যাবে।’
আরেকজন স্থানীয় শাহীন মাদবর বলেন, ‘ভাঙনে আমার দুটি ঘর চলে গেছে। এখন কোথায় থাকব জানি না। সরকারের কাছে সহায়তা চাই।’
স্থানীয় আব্দুল কাদের মোল্লা বলেন, ‘খবর পেয়ে গিয়ে দেখি মুহূর্তেই ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে।’

এ বিষয়ে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসান বলেন, ‘ভাঙন ঠেকাতে জিওব্যাগ ও জিওটিউব ডাম্পিং করা হচ্ছে। স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা আগামী বর্ষার আগেই শুরু হবে।’

শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম জানান, ‘ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে সহায়তা দেওয়া হবে। যাদের ঘরবাড়ি ও জমি সম্পূর্ণ নদীতে বিলীন হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।’

পদ্মার অব্যাহত ভাঙনে উদ্বিগ্ন স্থানীয়রা দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।