Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নাঙ্গলকোটে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা

 
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বেলঘর এলাকায় বসতঘর থেকে ফাহিম হোসেন ইসমাইল (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাহিম হেসাখাল গ্রামের মৃত ইব্রাহিম খলিলের ছেলে। তিনি ছোটবেলা থেকেই বেলঘরে নানার বাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফাহিমের সঙ্গে বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে সহকর্মীদের বাকবিতণ্ডা হয়। এরপর রাগ করে বাড়ি ফিরে যান তিনি এবং কিছু সময়ের মধ্যে ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ কল করলে রাত ১২টার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মা পান্না বেগম বলেন, “আমরা তখন ঘরে ছিলাম না। পরে জানতে পারি, ফাহিম গলায় ফাঁস দিয়েছে। থানায় আমি অপমৃত্যুর মামলা করেছি।”

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) নাসিমুল হক ইমরান জানান, “ঘটনার খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করি। তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”