Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় রামুতে সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত

 ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কক্সবাজারের রামু উপজেলার ধলির ছড়া ক্রসিংয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাতক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনাটি ঘটেছে শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে। দুর্ঘটনার পর মরদেহগুলো রেললাইনের এক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা ট্রেনটি আটকে দেয়। তারা মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ট্রেনটি ছেড়ে না দেওয়ার ঘোষণা দিয়েছে।

ঈদগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি আরও বলেন, “আমরা ঘটনাস্থলে কাজ করছি এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে জানানো হবে।”

এই ঘটনা এলাকায় ব্যাপক শোক ও উত্তেজনার সৃষ্টি করেছে। স্থানীয়রা রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সিগন্যাল ব্যবস্থার ত্রুটির অভিযোগ তুলেছেন। তদন্তের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।