Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইল, দম্পতি গ্রেফতার

 পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে পৌরশহরের ২ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আন্ধারমানিক এলাকার বাসিন্দা সজিব (২৫) এবং তার স্ত্রী হিরা মনি (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই দম্পতি প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে যুবকদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতেন এবং গোপনে তাদের অশ্লীল ভিডিও ধারণ করতেন। পরবর্তীতে এই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতেন।

ভুক্তভোগীদের অভিযোগে বলা হয়, এই চক্রের সঙ্গে সজিবের মা-ও জড়িত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “২০২৩ সালে আমাকে সজিব ও তার মা ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। স্থানীয়দের সহায়তায় আমি রক্ষা পেয়েছিলাম।” স্থানীয়রা এই অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কে জানতে পেরে থানায় অভিযোগ করেন, যার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে সজিব ও হিরা মনিকে গ্রেফতার করে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, “গ্রেফতারকৃতদের শনিবার (২ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, এবং অন্যান্য সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।