নিহতরা হলেন- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম চওপল্লী এলাকার ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা (২৪), মেয়ে মিম আক্তার (২), ভাবি লাবনী আক্তার (৩০), নানী ফয়জুন্নেসা (৮০), ভাতিজি রেশমী আক্তার (৮) এবং লামিয়া (৯)। আহতদের মধ্যে রয়েছেন বাহার উদ্দিন ও মাইক্রোবাসের চালকসহ পাঁচজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাহার উদ্দিন ওমান থেকে দেশে ফিরলে মঙ্গলবার বিকালে তার পরিবারের সদস্যরা তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে যান। রাতে স্বজনদের নিয়ে মাইক্রোবাসযোগে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হন। বুধবার ভোরে মাইক্রোবাসটি চন্দ্রগঞ্জের জগদিশপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। ঘটনাস্থলে এবং পরে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পর সাতজনের মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, নিহতদের মরদেহ তাদের পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।