বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভারতে এক তরুণী ধর্ষণের ঘটনার পুরোনো ভিডিওকে সম্প্রতি বাংলাদেশের ঘটনা দাবি করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, এক নারী ও দুই যুবক মিলে এক তরুণীর বস্ত্র হরণের চেষ্টা করছেন।
বাংলাফ্যাক্টের অনুসন্ধানে নিশ্চিত হয়েছে যে, ভিডিওটি বাংলাদেশের কোনো ধর্ষণের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালের মে মাসে ভারতের বেঙ্গালুরুতে একজন বাংলাদেশি তরুণী ধর্ষণের শিকার হন। ভাইরাল ভিডিওর কিছু কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান ‘নিউজবাংলা টুয়েন্টিফোর’-এর ওয়েবসাইটে ২০২১ সালের ২৯ মে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের ১৯ ও ২০ মে ভারতের পূর্ব বেঙ্গালুরুর কঙ্কনগরের একটি বাড়িতে বাংলাদেশি এক তরুণী ধর্ষণের শিকার হন। এই ঘটনার ভিডিও পরে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এক পরিচিতের সাহায্যে ভুক্তভোগী তরুণী কেরালায় পালিয়ে যান। পরবর্তীতে বেঙ্গালুরু পুলিশ কেরালা পুলিশের সহযোগিতায় কোঝিকোড় এলাকা থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় দুই নারীসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত সবাই বাংলাদেশের নাগরিক।
বাংলাফ্যাক্ট জানায়, বেঙ্গালুরু পুলিশের ডেপুটি কমিশনার এস. ডি. শরনাপ্পা তখন গণমাধ্যমকে বলেন, “যৌন নিপীড়নের শিকার বাংলাদেশি নারীকে কেরালার কোঝিকোড় থেকে বেঙ্গালুরু নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগীর বয়ান রেকর্ড করবে বেঙ্গালুরু পুলিশ।” এছাড়াও, ‘দ্য ডেইলি স্টার’, ‘দৈনিক প্রথম আলো’ ও ‘দৈনিক আমাদের সময়’-এ তখন এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে একই তথ্য পাওয়া যায়।