হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে প্রথমবারের মতো বোর্ডিং ব্রিজ এবং ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম (জিডিজিএস) ব্যবহার করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই মাইলফলক স্পর্শ করে সোমবার (৪ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে রোম থেকে আসা বিজি-৩৫৬ ফ্লাইট টার্মিনাল ৩-এ অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়।
পোস্টে বলা হয়, ফ্লাইটটি ছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, যার পাইলট ছিলেন ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন এবং ফার্স্ট অফিসার হিসেবে ছিলেন তাহসিন। যাত্রী নামানোর পর সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলমান পরীক্ষার অংশ হিসেবে জিডিজিএস, বোর্ডিং ব্রিজে বাহ্যিক বিদ্যুৎ সংযোগ, শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা এবং পানি সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে এই পরীক্ষামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এই সফল পরীক্ষার মাধ্যমে তৃতীয় টার্মিনালের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক সুবিধার কার্যকারিতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।