Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

টিকটক প্রেমের করুণ পরিণতি: সিরাজগঞ্জে যুবকের বিষপানে আত্মহত্যা

 টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্রে দুই তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু তিন মাস পর তরুণীটির অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবরে ঠাকুরগাঁও থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আসেন তরুণ। সেখানে তরুণীটির বাড়িতে বিষপান করে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত তরুণের নাম গোলাম ফেরদৌস দুর্লভ (২৪), বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাইরিহাট পাতিলভাসা গ্রামে। তিনি স্নাতক পর্যায়ের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (৫ আগস্ট) ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দুর্লভের মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে যান। এর আগে তার পরিবার পুলিশের সহায়তায় চৌবাড়ি গিয়ে তরুণী, তার মা এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।

জানা যায়, স্থানীয় কলেজে অনার্সে পড়া ওই তরুণী ঘটনার পর তার মা-বাবাসহ পালিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের উপস্থিতিতে তিনি দুর্লভের স্বজনদের মুখোমুখি হন। তরুণী পুলিশের সামনে বলেন, “বাবা-মা আমার বিয়ে ঠিক করেছেন। আমার অন্যত্র বিয়ে হচ্ছে জেনেও দুর্লভ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি।”

নিহত তরুণের খালু সজীব হোসেন ও ভাই ওয়াজেদুর রহমান মোবাইল ফোনে জানান, পরিবারের সবাই শোকাহত। থানায় অভিযোগ দায়েরের বিষয়ে তারা এখনও কোনো সিদ্ধান্ত নেননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, ঘটনার পর অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

কামারখন্দ থানার ওসি আব্দুর রউফ তরুণের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তরুণের স্বজনরা চাইলে আত্মহত্যায় প্ররোচনাকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে পারেন।”