Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

পটিয়ায় দুটি বাসের সংঘর্ষে ২৮ জন আহত

 চট্টগ্রামের পটিয়ায় মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে শান্তিরহাট ভেল্লাপাড়া এলাকার চট্টগ্রামমুখী লেনে যাত্রীবাহী দুটি বাসের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পাল্লা দিয়ে চলার সময় একটি বাস অপরটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়, ফলে অন্তত ২৮ জন যাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে আটজন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন: মাহফুজ আলম (৩৪), মো. ইলিয়াস (৪২), মো. মন্তাজ (৩২), শাহ আলম (৩৫), আলী আহমেদ (৭০), রাজিব দে (৩৪), মহিউদ্দিন (৪০) এবং অমিত দে (২০)। এদের মধ্যে শাহ আলম, আলী আহমেদ, মহিউদ্দিন, অমিত দে এবং মাহফুজ আলমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৫ জনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী একটি বাস বেপরোয়া গতিতে রাস্তায় মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি হানিফ বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একটি বাস সড়কের পাশে খাদে উল্টে পড়ে। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, ‘বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ভর্তি হওয়া আহতদের কারও অবস্থা গুরুতর নয়।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সারোয়ার কামাল বলেন, ‘আহতদের মধ্যে ২০ জনকে ট্রাস্ট মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার শিকার বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম নগরে যাচ্ছিল। আরেকটি বাসের ধাক্কায় এটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।