Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

নারায়ণগঞ্জের কুশিয়ারায় ভাসুরের হাতে নাদিয়া আক্তার খুন, রবিউল আত্মসমর্পণ

 নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা ইউনিয়নে ছোট ভাইয়ের স্ত্রী নাদিয়া আক্তারকে (২৫) কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন তার ভাসুর রবিউল হাসান আবির (৩০)। রবিবার (৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

রবিউল উপজেলার মৃত আবুল হোসেনের ছেলে। নিহত নাদিয়া আক্তার ময়মনসিংহ জেলার কানারামপুর এলাকার বাসিন্দা শাহজাহান দেওয়ানের মেয়ে। ঘটনার পর রবিউল নিজেই বন্দর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, নাদিয়ার স্বামী রাসেল কিছুদিন আগে একটি এনজিও থেকে তার বড় ভাই রবিউলের নামে ঋণ নিয়েছিলেন। কিন্তু ঋণের টাকা পরিশোধ না করে তিনি আত্মগোপনে চলে যান। ফলে ঋণের দায়ভার পড়ে রবিউলের ওপর। এই ঋণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রবিবার সকালে এই বিরোধের জের ধরে কথা-কাটাকাটির এক পর্যায়ে রবিউল ধারালো চাকু দিয়ে নাদিয়াকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নাদিয়ার মৃত্যু হয়।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “সকালে রবিউল তার ছোট ভাইয়ের স্ত্রী নাদিয়া আক্তারকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন। রবিউল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। মামলার প্রক্রিয়া চলছে, এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”