Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

কক্সবাজারের কুতুবদিয়ায় সাগর থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার সাগরে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সাগর থেকে এই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন স্থানীয় ব্যক্তি সাগরে লাশটি ভাসতে দেখে তাতক্ষণিকভাবে কুতুবদিয়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সাগর থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। তার গায়ে একটি ফুলহাতা গেঞ্জি এবং পরনে হাফপ্যান্ট ছিল।”

তিনি আরও জানান, লাশের পরিচয় তাতক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ মৃত্যুর কারণ ও ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে।