রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার দায়ে মির্জা সাখাওয়াত হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৫ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬–এর বিচারক মোছা. কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডিত সাখাওয়াতকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী,২০২৩ সালের ১০ জানুয়ারি মোহাম্মদপুরের ভাড়া বাসায় ফাতেমা বেগম (৪৫)-কে পিটিয়ে হত্যা করেন তাঁর স্বামী সাখাওয়াত। অভিযোগে বলা হয়, ১ কোটি টাকা যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে স্ত্রীকে নির্যাতন করতেন তিনি।
ফাতেমার বড় বোন আরজিনা বেগম মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় মামলা দায়ের করেন। এরপরই সাখাওয়াতকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি তখন থেকেই কারাগারে আছেন।
মামলাটি তদন্ত করে ২০২৩ সালের ২৪ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ১৭ জন সাক্ষী আদালতে হাজির করা হয়।
বাদী পক্ষের অভিযোগ, বিয়ের পর থেকেই ফাতেমাকে নানা অজুহাতে নির্যাতন করতেন সাখাওয়াত। একপর্যায়ে বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে ১ কোটি টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। ফাতেমা এতে রাজি না হওয়ায় পারিবারিক কলহ চরমে পৌঁছায়। ঘটনার দিন শিল দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে তাঁকে হত্যা করেন স্বামী।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তাঁরা এই রায়কে নারীর প্রতি সহিংসতা রোধে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন।