Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

কক্সবাজার বিমানবন্দরে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের সঙ্গে কুকুরের ধাক্কা, এক ঘণ্টা বিলম্ব

 শনিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে কুকুরের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটটির ঢাকার উদ্দেশে যাত্রা প্রায় এক ঘণ্টা পিছিয়ে যায়। উড়োজাহাজটিতে ৭২ জন যাত্রী ছিলেন, তবে কোনো যাত্রী হতাহত হননি।

বিমানবন্দর সূত্র জানায়, ধাক্কার ফলে কুকুরটি মারা যায়। ঘটনার পর ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত রানওয়ে পরিষ্কার করে। পাইলট ও গ্রাউন্ড ক্রু উড়োজাহাজের যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা করেন এবং কোনো ত্রুটি না পাওয়ায় রাত সোয়া ৮টার দিকে ফ্লাইটটি নিরাপদে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা বলেন, “ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে যাত্রীরা নিরাপদ ছিলেন এবং উড়োজাহাজটি এক ঘণ্টা দেরিতে ঢাকায় অবতরণ করেছে।” তিনি আরও জানান, দিনের বেলায় কুকুরের উপদ্রব কম থাকলেও সন্ধ্যার পর রানওয়ে এলাকায় কুকুরের বিচরণ বেড়ে যায়। আলোর অভাবে ঝুঁকি আরও বাড়ে। বর্তমানে বিমানবন্দরে ১৮৯ জন আনসার সদস্য নিরাপত্তা দায়িত্বে থাকলেও এ ধরনের ঘটনা পুরোপুরি ঠেকানো সম্ভব হচ্ছে না।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রানওয়ের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চলছে। এ ধরনের ঘটনা এড়াতে রাতের বেলায় নজরদারি বাড়ানো এবং রানওয়ের আলোকসজ্জা উন্নত করার বিষয়ে আলোচনা চলমান রয়েছে।