Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

কুয়াকাটা সমুদ্রসৈকতে ডুবে যাওয়া ট্রলার ও জেলে ইদ্রিস হাওলাদারের মরদেহ উদ্ধার

 পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া ‘এফবি সাগরকন্যা’ নামের একটি ট্রলার এবং জেলে ইদ্রিস হাওলাদারের (৫০) মরদেহ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে জোয়ারের সময় ট্রলারটি ভেসে আসে।

ট্রলারে থাকা অবস্থায় পাওয়া মৃত জেলে ইদ্রিস হাওলাদারের পরিচয় শনাক্ত করেছেন তাঁর জামাতা মোহাম্মদ সাগর। ইদ্রিস পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম মধুখালী গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জন জেলেকে নিয়ে মাছ ধরতে গিয়ে ঝড় ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় ‘এফবি সাগরকন্যা’ ট্রলার। সমুদ্রে চার দিন ভেসে থাকার পর ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এরপর ১ আগস্ট কুয়াকাটা সৈকতের মীরা বাড়ি পয়েন্টে নজরুল ইসলাম নামে আরেক জেলের মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে তিনজন জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

জেলে সোহেল জানান, ট্রলারটি ভেসে আসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। জোয়ারের সময় ঢেউয়ের তোড়ে ট্রলারটি কাত হয়ে গেলে মরদেহটি বাইরে বেরিয়ে আসে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, “মরদেহসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”