Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের তিনজনের মৃত্যু

 টঙ্গীর মিরের বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—চার মাসের শিশু রায়হান, তার মা হাফিজা আক্তার (২০) এবং বাবা মোহাম্মদ রিপন (২৫)।

ঘটনাটি ঘটে গত রোববার (৩ আগস্ট) সকালে। ওই দিন গ্যাসলাইন থেকে লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ হন এই পরিবারের তিনজন। তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসকরা চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন।

এরপর বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশুটির মা হাফিজা আক্তার। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে মৃত্যু হয় তার বাবা মোহাম্মদ রিপনের।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাফিজার শরীরের প্রায় ৭০ শতাংশ এবং রিপনের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।