Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

শ্রীপুরে মাদক কারবারের প্রতিবাদে স্ত্রীকে হত্যা, বিক্ষুব্ধ গ্রামবাসী ঘাতকের বাড়ি পুড়িয়ে দিল

 গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্য পাড়া মৃধাবাড়ি এলাকায় মাদক কারবারের প্রতিবাদ করায় স্ত্রী সুইটি আক্তার নিশি (২১)-কে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী নুরুল ইসলামের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী বৃহস্পতিবার সকালে নুরুলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে।

নিহত সুইটি আক্তার নিশি ময়মনসিংহ জেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের চাকুয়া গ্রামের মৃত আফসারুল ইসলামের মেয়ে। তার স্বামী নুরুল ইসলাম বরমী মধ্য পাড়া গ্রামের বাসিন্দা এবং এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারের বিরোধিতা করায় বুধবার রাতে সুইটির সঙ্গে নুরুল ইসলামের ঝগড়া হয়। একপর্যায়ে নুরুল তার স্ত্রীর গোপনাঙ্গে রড ঢুকিয়ে এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এদিকে, বৃহস্পতিবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসী নুরুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন মিয়া বলেন, “সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি, উত্তেজিত জনতা চিহ্নিত মাদক কারবারি নুরুল ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।” তিনি আরও জানান, নুরুল ইসলাম এলাকায় মাদক কারবারির জন্য কুখ্যাত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক জানান, “রাতেই খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নুরুল ইসলামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই হত্যাকাণ্ডের বিচার এবং মাদক কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।