এলাকাবাসীর অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অবহেলা এবং দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন এই অবস্থার জন্য দায়ী। ডিএসসিসির অঞ্চল-৩ এর আওতাধীন ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বকশীবাজার পার্ক।
২০২০ সালে তৎকালীন মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে পার্কটি সংস্কারের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও প্রকল্পের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। পার্কটি এখন কার্যত অস্তিত্ব সংকটে পড়েছে। সন্ধ্যার পর বন্ধ গেটের বেড়া টপকে মাদকসেবী ও বহিরাগতরা পার্কে আড্ডা জমায়। ডিএসসিসির তদারকির অভাবে বকশীবাজার পার্ক এখন একটি বিপন্ন ও অনিরাপদ স্থানে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পার্কে প্রবেশ করতেই চোখে পড়ে দীর্ঘদিনের অবহেলার চিহ্ন—ভাঙাচোরা রাইড, মরিচা ধরা দোলনা এবং ঘন জঙ্গল। হাঁটার জন্য কোনো নির্দিষ্ট পথ নেই, চারদিকে শুধু আগাছা ও আবর্জনার স্তূপ। একপাশে একটি স্লাইড পুরোপুরি ভেঙে পড়ে আছে, যা ব্যবহারের অযোগ্য। পার্কের রঙিন রাইডগুলো এখন আর শিশুদের হাসির উৎস নয়, বরং ধুলা-ময়লার নিচে অবহেলার নিদর্শন হিসেবে হারিয়ে গেছে। পার্কের কিছু অংশে জমে থাকা পানিতে অসংখ্য মশার জন্ম হচ্ছে। পেছনের দিকে দেওয়ালের কাছে ভাঙা বোতল ও সিগারেটের খোসা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সব মিলিয়ে এটি আর শিশুদের খেলার জায়গা নয়, বরং সন্ধ্যার পর মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। সিমেন্টের বেঞ্চগুলো ভাঙা ও শ্যাওলায় ঢাকা, কোথাও শুধু কাঠ বা লোহার ফ্রেম পড়ে আছে, যা বসার অযোগ্য। অনেক জায়গায় দুর্গন্ধ ছড়াচ্ছে। লাইট নষ্ট থাকায় সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। পরিবার নিয়ে পার্কে আসার কথা কেউ কল্পনাও করতে পারে না।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই পার্কটি কোনো সাধারণ ফাঁকা জমি নয়। ২০২০ সালে শুরু হওয়া একটি সরকারি প্রকল্প হিসেবে এটিতে বাউন্ডারি ও প্রায় সব অবকাঠামো স্থাপন করা হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন ধ্বংসের মুখে।
স্থানীয় বাসিন্দা অরণ্য বলেন, “বকশীবাজারে এটিই একমাত্র পার্ক, কিন্তু এর অবস্থা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। ঢাকার অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা এটি। আমার আড়াই বছরের একটি সন্তান আছে। দিনের কাজ শেষে তাকে নিয়ে হাঁটতে বেরোই, কিন্তু পার্কের এই অবস্থায় নামতে ইচ্ছা করে না। লাইটগুলো অনেক আগেই ভেঙে গেছে, সন্ধ্যার পর চারপাশ অন্ধকার। বড় বড় গাছপালা ও আগাছা এতটাই বেড়ে উঠেছে যে জঙ্গলের মতো পরিবেশ তৈরি হয়েছে। বর্ষায় পানি জমে মশার ভয়াবহ উপদ্রব দেখা দেয়। আশপাশের বাসিন্দারা মশার যন্ত্রণায় টিকতে পারে না।” তিনি আরও বলেন, “গত বছরের জুলাইয়ের আন্দোলনের পর থেকে সিটি করপোরেশনের কোনো তদারকি নেই।”
সুলতানুল উলূম মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান বলেন, “গত বছরের ৫ আগস্টের আগে ডিএসসিসি পার্কে রাইড, লাইট ও গাছসহ সৌন্দর্যবর্ধনের কাজ করেছিল। কিন্তু হঠাৎ রক্ষণাবেক্ষণ বন্ধ হয়ে যায়। মশার উপদ্রবে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা রাতে ঘুমাতে পারছেন না।”
বকশীবাজার মাঠ সংলগ্ন সরকারি নগর স্বাস্থ্য কেন্দ্রে-৫ এর সিকিউরিটি গার্ড মো. আব্দুল লতিফ জানান, “সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গেট খোলা থাকে, এরপর গেট বন্ধ করে দেওয়া হয়।” ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী খাইরুল বাকেরের সঙ্গে ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।