Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

টিভিইটি উন্নয়নে এডিবির সঙ্গে ১৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ

 বিশ্ববাজারে মর্যাদাসম্পন্ন কর্মসংস্থান ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে উন্নয়ন সাধনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সঙ্গে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে সই করেন ইআরডি সচিব মো. শহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং।

হো ইউন জিয়ং বলেন, “এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে সহায়তা করবে। পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে— যান্ত্রিক, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), সিভিল এবং খাদ্য ও কৃষি খাত।”

তিনি আরও বলেন, এই প্রকল্প মর্যাদাসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস ও সামাজিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করবে। কর্মসূচির অংশ হিসেবে “টিভিইটি টিচার্স ফর দ্য ফিউচার” প্রকল্পের মাধ্যমে আধুনিক শিক্ষক প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি ব্যবহারে দক্ষতা এবং ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালী করা হবে।

প্রকল্প শেষে কমপক্ষে ১০ হাজার শিক্ষক উন্নত প্রশিক্ষণ লাভ করবেন এবং প্রায় ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থী এর সুফল ভোগ করবেন। পাশাপাশি জাতীয় পর্যায়ে একটি টেকসই পেশাদার উন্নয়ন কাঠামো প্রতিষ্ঠিত হবে।