Engage Bangladesh Translet | translet.eng.bd

Transparency Leads to Justice

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূর উপর সংঘবদ্ধ ধর্ষণ, ৫ জন আটক

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। তার স্বামীর সামনে চারজন মিলে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ভেড়ামারা থানা পুলিশ ৫ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায়।

পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহবধূ একটি হোটেলে কাজ করতেন। কয়েকদিন আগে হোটেল মালিক তাকে কাজ থেকে বাদ দেন। পাওনা টাকা আনতে স্বামীকে সঙ্গে নিয়ে ভ্যানে করে হোটেলের দিকে যাচ্ছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে মসলেমপুর এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাদের ভ্যানের গতিরোধ করে। এরপর স্বামী-স্ত্রীকে টেনেহিঁচড়ে কাছাকাছি একটি লিচু বাগানে নিয়ে যায় তারা। সেখানে স্বামীকে আটকে রেখে চারজন একে একে ওই নারীকে ধর্ষণ করে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বামী-স্ত্রী ভেড়ামারা থানায় পৌঁছান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ৫ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনের সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে স্বামী-স্ত্রী পুলিশ হেফাজতে রয়েছেন, এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।